১. কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল —এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । [মাধ্যমিক-২০১৭]
উঃ-
বলরামপুরে গ্রামে উদ্বোধন হল সরকারি হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, দক্ষিণ ২৪ পরগনা, ২২ শে ফেব্রুয়ারি ২০১৭ : বিষ্ণুপুর ১ নং ব্লকের অন্তর্গত এক প্রান্তিক গ্রাম বলরামপুরে গতকাল স্থানীয় বিধায়ক শ্রী সুকুমর মণ্ডলের উপস্থিতিতে একটি সরকারি হাসপাতালের উদ্বোধন হয়ে গেল ।
এর পূর্বে বলরামপুরে কোনো সরকারি হাসপাতাল ছিল না । চিকিৎসার জন্য মানুষকে বারুইপুর সদরের হাসপাতালে ছুটে যেতে হতো । অনেক সময় সদর হাসপাতালে পৌঁছতে দেরি হয়ে গেলে, বহু দুরারোগ্য রোগী পথ মধ্যেই মারা যেতো । কিন্তু এই বলরামপুরে সরকারি হাসপাতালের উদ্বোধন হওয়ার পর এই সমস্যা আর থাকবে না বলেই মনে করছেন সাধারণ মানুষ । স্থানীয় বিধায়ক মহাশয়ের মতে, "বলরামপুর সরকারি হাসপাতাল থাকার দরুন বহু অসুস্থ ব্যক্তি সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন আশা করছি ।"
প্রসঙ্গক্রমে নতুন উদ্বোধন হওয়া এই সরকারি হাসপাতালে দশটি ঘর আছে । ডাক্তার থাকবেন পাঁচজন । বিনামূল্যে ওষুধ পত্র দেওয়ার সুব্যবস্থা থাকবে । এমনকি মাঝরাতে কোনো অসুবিধা হলে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে । হাসপাতালের উন্নত পরিকাঠামো দেখে বলরামপুরের এক বাসিন্দা হাবুল মন্ডলের মতে, "এবার থেকে অসুস্থ হলে আর দুর্ভাবনা থাকবে না । বলরামপুর সরকারি হাসপাতাল গড়ে তোলার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই ।
২. তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । [মাধ্যমিক-২০১৮]
উঃ- শিরোনাম — সকলের জন্য উন্মুক্ত হল পাঠাগার
উদ্বোধন — স্থানীয় পঞ্চায়েত সদস্য ছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট লেখক শ্রী মুখোপাধ্যায় । তিনি বলেন —"বই পড়ার অভ্যাস ক্রমশই কমে যাচ্ছে । পাঠাগারের মাধ্যমে নিশ্চয়ই স্থানীয় মানুষের মনে আগ্রহ জন্মাবে ।"
৩. বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো । [মাধ্যমিক-২০১৯]
উঃ- বলরামপুর হাইস্কুলে শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হল ।
নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৬ সেপ্টেম্বর ২০১৮ :
বলরামপুর অঞ্চলের বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বলরামপুর হাইস্কুলে গতকাল ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিবস তথা শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল । বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে দুপুর ১২ টায় এই অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তিনি দেশ ও জাতি গঠনে শিক্ষকদের ভুমিকার কথা আলোচনা করেন । সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সুন্দর ও সুপরিকল্পিত অনুষ্ঠানের শেষ পর্বে অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রবীণ শিক্ষকদের সম্বর্ধিত করা হয় । অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানের স্মারক রূপে বিদ্যালয়ের নামাঙ্কিত কলম উপহার দেওয়া হয় ।