☼ চুয়াড় বিদ্রোহ (Chuar movements):- চুয়াড় বা চোয়াড়রা ছিল বাংলার মেদিনীপুর জেলার জঙ্গলমহলের অধিবাসী । চাষবাস ও পশুশিকারের সঙ্গে জড়িত থাকলেও যুদ্ধবিগ্রহ ছিল তাদের প্রধান পেশা । সাধারণত চুয়াড় সম্প্রদায়ের মানুষেরা মেদিনীপুর, বাঁকুড়া, সিংভূম, মানভূম ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বা পাইকের কাজ করত । পাইকের কাজ করার বিনিময়ে তারা যে জমি ভোগ করত তা পাইকান জমি নামে পরিচিত ছিল । বাংলায় কোম্পানি শাসন প্রতিষ্ঠার পর কোম্পানির কর্তৃপক্ষ এই অঞ্চলের জমিদারদের ওপর অত্যন্ত চড়া হারে ভূমিরাজস্ব ধার্য করে । এর বিরুদ্ধে এই অঞ্চলের জমিদাররা বিদ্রোহ ঘোষণা করলে তাঁদের পাইক চুয়াড়গণও সমগ্র জঙ্গলমহল জুড়ে বিদ্রোহ করে । এই বিদ্রোহ প্রায় ৩০ বছর ধরে ১৭৬৯ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে । ১৭৬৯ খ্রিস্টাব্দে ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম ধল বিদ্রোহ ঘোষণা করেন । চুয়াড়রাও এই বিদ্রোহে সক্রিয় ভাবে অংশ নিলেও শেষ পর্যন্ত ইংরেজ সেনাবাহিনীর কাছে পরাজিত হয় । অবশেষে কোম্পানি জগন্নাথ সিংহের ভ্রাতুষ্পুত্রকে জমিদারি ফিরিয়ে দেয় । অন্যদিকে ১৭৭১ খ্রিস্টাব্দে ধাদকার শ্যামগঞ্জন -এর নেতৃত্বে চুয়াড়রা বিদ্রোহ ঘোষণা করেও ব্যর্থ হয় । ১৭৯৮-৯৯ খ্রিস্টাব্দে দুর্বল সিংহের নেতৃত্বে চুয়াড় বিদ্রোহ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল, কিন্তু কোম্পানির সেনাদল নির্মম অত্যাচার করে এই বিদ্রোহ দমন করে ।
***
- 2613 views