☼ ডালটনের পরমাণুবাদ [Dalton's atomic theory]:-
বিজ্ঞানী ডালটনের পরমাণুবাদের মূল কথা হল— প্রত্যেক মৌলিক পদার্থ বহু সংখ্যক অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত । এই ক্ষুদ্রতম কণাগুলির নাম হল পরমাণু । রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে । যেমন 1 : 1, 1 : 2, 1 : 3 ইত্যাদি । ডালটন তাঁর পরমাণুবাদে অণুর কল্পনা করেন নি ।
☼ অণুর ধারণা [Concept of molecule]:- ডালটনের পরমাণুবাদে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ উভয়েই ক্ষুদ্রতম কণা হিসেবে পরমাণুকে ধরা হয়েছিল । এর ফলে নানা জটিলতা ও সমস্যার সৃষ্টি হয় । এই সমস্যার সমাধান করতে অ্যাভোগাড্রো অণুর ধারণা প্রবর্তন করেন । তাঁর মত অনুযায়ী, পদার্থ দু'রকম ক্ষুদ্রতম কণা দিয়ে গঠিত, যথা [i] পরমাণু এবং [ii] অণু ।
[i] পরমাণু [atom]:- পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা । পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে আবার নাও থাকতে পারে এবং পরমাণুই রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে ।
[ii] অণু [molecule]:- মৌলিক বা যৌগিক সব পদার্থের ক্ষুদ্রতম কণা হল অণু । অণু স্বাধীনভাবে থাকতে পারে এবং পদার্থের সব ধর্মই অণুর মধ্যে বর্তমান থাকে ।
☼ অণুর প্রকারভেদ [Types of molecule]:- বিজ্ঞানী ডালটনের পরমাণুর কল্পনাকে বজায় রেখে অ্যাভোগাড্রো অণুর কল্পনার প্রবর্তন করেন । তাঁর মতে, পরমাণুগুলি সংযুক্ত হয়ে অণু গঠন করে । অণু দুরকম— (১) মৌলিক অণু এবং (২) যৌগিক অণু ।
[1] মৌলিক অণু [Elementary molecule] :- একই মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে ।
• পারমাণবিকতা [Atomicity] : কোনো মৌলের একটি অণু যত সংখ্যক পরমাণু দ্বারা গঠিত, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে ।
মৌলিক অণুর গঠন বিভিন্ন রকম হতে পারে —
(ক) এক-পরমাণুক [monatomic] অণু : যেমন— Na, K, Ca, C ইত্যাদি ।
(খ) দ্বি-পরমাণুক [di-atomic] অণু : যেমন— H2, O2, N2 ইত্যাদি । এদের পারমাণবিকতা = 2
(গ) ত্রি-পরমাণুক [triatomic] অণু : যেমন— ওজোন (O3); । এর পারমাণবিকতা = 3
(ঘ) চতুঃপরমাণুক অণু : যেমন— S4, P4 ইত্যাদি । এদের পারমাণবিকতা = 4
(ঙ) বহুপরমাণুক [Polyatomic] অণু : যেমন— S8; । এর পারমাণবিকতা = 8
(চ) নিস্ক্রিয় [inert] অণু : যেমন— He, Ne, A ইত্যাদি । এদের অণু ও পরমাণু সমার্থক ।
[2] যৌগিক অণু [Compound molecule]:- একাধিক মৌলিক পদার্থের পরমাণুর দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে । যেমন— অ্যামোনিয়া [NH3], জল [H2O], নাইট্রিক অ্যাসিড [HNO3] -এর অণু ইত্যাদি ।
***
- 936 views