কারক ও অকারক সম্পর্ক

Submitted by avimanyu pramanik on Sun, 03/20/2011 - 11:18

এই অধ্যায়ে কারক, বিভক্তি, অনুসর্গ, কারকের শ্রেণিবিভাগ, -এর আলোচনা ও প্রশ্নোত্তর ।

কারক ও অকারক সম্পর্ক

কারক —দশম শ্রেণির ব্যাকরণের পাঠ্যসূচীতে প্রথমেই রয়েছে কারকের স্থান । সংস্কৃতে বলা হয় 'ক্রিয়ান্বয়ী কারকম্' অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য নামপদগুলির (বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম পদ) অন্বয় বা সম্পর্ক তৈরি করে দেয় কারক । সুতরাং বলাই যায় যে — বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধই হল কারক ।

বাক্যের সমাপিকা ক্রিয়াকে কিছু প্রশ্ন করে যে সম্পর্ক গুলি পাওয়া যায় সেগুলি কারক । যেমন— একটা উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করে বলা যায় —"ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বত্রই মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকেই অকাতরে অর্থ দান করতেন" ।

— কে দান করতেন ? → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর → কর্তা সম্পর্ক → কর্তৃকারক

— কি দান করতেন ? → অর্থ → ক্রিয়ার সঙ্গে কর্ম সম্পর্ক → কর্মকারক

— কিসের দ্বারা দান করতেন ? → নিজ উদ্যোগে → ক্রিয়ার সঙ্গে করণ সম্পর্ক

— কিসের নিমিত্ত বা জন্য দান করতেন ? → মেয়েদের উন্নতির জন্য → নিমিত্ত সম্পর্ক

— কোথা থেকে গান করতেন ? → স্বল্প সঞ্চয় থেকে → অপাদান সম্পর্ক

— কোথায় দান করতেন ? → সর্বত্রই → অধিকরণ সম্পর্ক ।

এই উদাহরণ থেকে বলা যায় যে সম্পর্ক অনুযায়ী কারক ছয় প্রকার —

(১) কর্তৃকারক , (২) কর্মকারক, (৩) করণ কারক , (৪) নিমিত্ত কারক, (৫) অপাদান কারক , (৬) অধিকরণ কারক ।

বিভক্তি:- বিভক্তি হল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে । বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের মধ্যে সম্পর্ক স্থাপনে বিভক্তির বিশেষ ভূমিকা রয়েছে বলেই কারকের আলোচনায় বিভক্তির আলোচনা এসে যায় ।

এ, কে, রে, তে , র ,এর — এগুলি বিভক্তির চিহ্ন । শূন্য বিভক্তি ও আছে তবে তা 'অ' হিসাবে চিহ্নিত । বাংলা ভাষায় যেহেতু কারক অনুযায়ী বিভক্তি নির্দিষ্ট নয়, তাই একই বিভক্তি বিভিন্ন কারকে যুক্ত হতে পারে ।

তির্যক বিভক্তি — যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে । 'এ' হল তির্যক বিভক্তি ।

অনুসর্গ — অনু = পশ্চাৎ, সর্গ = অবস্থান অর্থাৎ যে অব্যয়পদ বিশেষ্য ও সর্বনাম পদের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে । যেমন- পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না ।

নির্দেশক — বাংলা ভাষায় বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে পদটিকে বিশেষিত করে তাকে নির্দেশক বলে । যেমন- টি , টা, খানি, থানা একটি বোঝাতে এবং গুলি, গুলো বহুবচন বোঝাতে ব্যবহৃত হয় ।

কারকের শ্রেণি বিভাগ ও তার আলোচনা :-

(১) কর্তৃকারক — বাক্যে ক্রিয়ার কাজ যে করে বা করায় তাকে কর্তৃকারক বলে । যেমন - ছেলেটি ব্যাকরণ পড়ে । এখানে 'কে' দিয়ে প্রশ্ন করলে উত্তর 'ছেলেটি' পাওয়া যায় । সুতরাং ছেলেটি কর্তৃকারক । কর্তৃকারকের কর্তা বিভিন্ন প্রকারের —

(ক) প্রযোজক কর্তা মা শিশুটিকে দুধ খাওয়াচ্ছেন । এখানে কর্তা যখন অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন প্রযোজক কর্তা হয় ।

(খ) প্রযোজ্য কর্তা — প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজ্য কর্তা বলে । যেমন - মা শিশুকে চাঁদ দেখায় ।

(গ) ব্যতিহার কর্তা — বাক্যে যখন কোন ক্রিয়ার দুটি কর্তা পরস্পর একই কর্ম সম্পাদন করে — যেমন, রাজায় রাজায় যুদ্ধ হয় । ভাই ভাই লাঠালাঠি করছে ।

(ঘ) সমধাতুজ কর্তা — কোন বাক্যের ক্রিয়াপদ ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে । যেমন — লেখক লেখে, রাঁধুনি রাঁধে ।

(ঙ) উহ্য কর্তা — যে বাক্যে কর্তা উহ্য থাকে কিন্তু ক্রিয়ার রূপ দেখে কর্তা অনুমান করা যায় তাকে উহ‍্য কর্তা বলে । এখানে এসো (তুমি) , কলমটা দে (তুই) ইত্যাদি । এরকম বিভিন্ন ধরনের কর্তা রয়েছে ।

(২) কর্মকারক — বাক্যের কর্তা যাকে আশ্রয় করে কোন ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্মকারক বলে । যেমন -মেয়েরা বই পড়ছে, ছেলেরা গান করছে । ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বই, গান । সুতরাং এগুলি কর্ম অর্থাৎ কর্মকারক ।

বিভিন্ন প্রকারের কর্ম —

(ক) মুখ্য কর্ম ও গৌণ কর্ম — যে বাক্যে দুটি কর্ম থাকে তার একটি অপ্রাণীবাচক কর্ম যেটাকে মুখ্য বা প্রধান কর্ম বলে । আর একটি প্রাণীবাচক কর্ম যেটাকে বলা হয় গৌণ কর্ম । যেমন — মিরা সীমাকে একটি কলম দিয়েছে ।

কাকে দিয়েছে ? সীমাকে → প্রাণীবাচক কর্ম বা গৌণ কর্ম ।

কি দিয়েছে ? কলম → অ-প্রাণীবাচক বা মুখ্য কর্ম ।

(খ) সমধাতুজ কর্ম — যে বাক্যের কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয় সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে । যেমন —সে কী কান্নাই না কাঁদলে ।

(গ) কর্মের বীপ্সা —বাক্যের একই কর্মপদের একাধিকবার উল্লেখ হলে, তাকে কর্মের বীপ্সা বলে । যেমন —জনে জনে শুধালেম । যা যা পছন্দ তুলে নাও । ইত্যাদি

(৩) করণ কারক —বাক্যের কর্তা যার সাহায্যে বা যা দিয়ে বা যে উপায়ে কোন কাজ করে, তাকে করণ কারক বলে । যেমন— 'মা বঁটিতে মাছ কাটে ।' আমরা কলম দিয়ে লিখি । বাক্যের ক্রিয়াপদকে কিসের দ্বারা / দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় -সেটাই করণ কারক ।

নানা প্রকারের করণ কারক —

(ক) যন্ত্রাত্মক করণ — কোনো যন্ত্র বা বস্তু দিয়ে বাক্যের ক্রিয়া সম্পাদন হয় যে করণে তাকে যন্ত্রাত্মক করণ বলে । যেমন —লাঠি দিয়ে সে সাপটিকে মারল । চাষীর লাঙল দিয়ে চাষ করে ।

(খ) উপায়াত্মক করণচালাকির দ্বারা মহৎ কাজ হয় না । তারা আনন্দে আত্মহারা । উপায় -এর দ্বারা যখন কাজ সমাধা করা হয় তখন তাকে উপায়াত্মক করণ বলে ।

(গ) সমধাতুজ করণ —বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই একই ধাতু থেকে যদি করণ উৎপন্ন হয়, তবে সেই করণ কারককে সমধাতুজ করণ বলে । যেমন —এ সংসার মায়ার বাঁধনে বাঁধা ।

(ঘ) কালাত্মক করণ — কাল বা সময় যখন করণ কারকে প্রকাশ পায় তখন তাকে কালাত্মক করণ বলে । যেমন — বারোমাসে বছর হয় । এক মিনিটেই আমার কাজ হাসিল ।

(ঙ) হেতু বা কারনাত্মক করণ —যে করণে হেতু বা কারণ প্রকাশ পায়,তাকে হেতুময় বা কারনাত্মক করণ কারক বলে । যেমন —ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে । রাগে অন্ধ হয়ে মারপিট করছে ।

বিশেষ দ্রষ্টব্য :- করণ কারকে বিভক্তি ও অনুসর্গ দুই প্রয়োগ হয় ।

বিভক্তির প্রয়োগ — স্রোতে নৌকা ভেসে যায় । এ - বিভক্তি

টাকায় কিনা পাওয়া যায় । য় - বিভক্তি

— ছেলেরা ফুটবল খেলছে । শূন্য - বিভক্তি

অনুসর্গের প্রয়োগ — কলম দিয়ে লেখ । - দিয়ে

সংগীত দ্বারা মানুষের মন জয় করা যায় । - দ্বারা ইত্যাদি

(৪) নিমিত্ত কারক — বাক্যের ক্রিয়া যখন কোন ব্যক্তি বা বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে, তখন সেই ব্যক্তি বা বস্তুকে নিমিত্ত কারক বলে । যেমন- ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন । মা মন্দির-দর্শনে বেরিয়েছেন । আনন্দের জন্য গান করি । বাক্যের ক্রিয়াপদকে কিসের জন্য বা কিসের নিমিত্ত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে নিমিত্ত কারক বলে । নিমিত্ত কারকে অনুসর্গ ব্যবহার করা হয় । জন্য, নিমিত্ত ইত্যাদি ।

(৫) অপাদান কারক — বাক্যের ক্রিয়াপদকে কোথা থেকে বা কিসের চেয়ে, অপেক্ষা, দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অপাদান কারক বলে । যেমন - লোভ থেকে পাপ জন্মায় । 'বিপদে মোরে রক্ষা কর - এ নহে মোর প্রার্থনা' । সত্য ভ্রষ্ট হয়ো না । আকাশ থেকে বৃষ্টি পড়ে । 'ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন' । ইত্যাদি

অপাদান কারকে বিভক্তি ও অনুসর্গ দুটির প্রয়োগ হয় ।

(৬) অধিকরণ কারক — বাক্যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে । আধার তিন প্রকার– স্থান, কাল ও বিষয় । বাক্যের ক্রিয়া যখন এই তিনটি আধারে সংঘটিত হয় তখন তাকে অধিকরণ কারক বলে । যেমন— জলে থাকে মাছ । বনে থাকে বাঘ । মেয়েটি অংকে বেশ ভালো । সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো ।

বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন বা কীসে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অধিকরণ কারক বলে । অধিকরণের প্রকারভেদ —

(ক) স্থানাধিকরণ — রবি কাকা দিল্লিতে থাকে । মন্দিরে কাঁসর ঘন্টা বাজল ঢং ঢং

(খ) কালাধিকরণ — সকাল সাড়ে ছটায় আমাকে বেরোতে হয় । আগামীকাল রাখি পূর্ণিমা ।

(গ) বিষয়াধিকরণ — ধর্মে মতি রেখো । ছেলেটি অংকে ভালো নয় ।

(ঘ) অধিকরণে বীপ্সা — তারা বনে বনে মধু সংগ্রহ করে । গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে ।

অ-কারক সম্পর্ক

বাক্যের যেসব নামপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোন সম্পর্ক থাকে না, তাদের অ-কারক বলে । অ-কারক দু'রকম (ক) সম্বন্ধ পদ ও (খ) সম্বোধন পদ ।

(ক) সম্বন্ধ পদ — বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে নামপদগুলির প্রত্যক্ষ যোগ বা সম্বন্ধ না থাকলেও অন্য নামপদের সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধ পদ বলে । যেমন- জামায় কালির দাগ লেগেছে — র । মাছের তেলে মাছ ভাজা —এর প্রভৃতি । সম্বন্ধ পদে র, এর বিভক্তি থাকে ।

(খ) সম্বোধন পদ — কাউকে ডাকার সময় বা আহ্বান জানাতে যে পদ ব্যবহার করা হয়, তাকে সম্বোধন পদ বলে । বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের সরাসরি কোনো যোগ সম্পর্ক নেই । সেজন্য সম্বোধন পদ কারক নয়, অ-কারক । ওহে, আমার এখানে এস । হে ভগবান, ওগো বিদেশিনী --- । বৎস, তোমার মায়ের নাম কি ? 'ওরে ভাই আগুন লেগেছে বনে ---' । এখানে ওহে, হে, বৎস, ওরে, ওগো, এগুলি সম্বোধন পদ ।

বিশেষ দ্রষ্টব্য :-

বিভক্তি প্রধান কারক হল ৩টি —(ক) কর্তৃকারক , (খ) কর্মকারক (গ) অধিকরণ কারক

অনুসর্গ প্রধান কারক ৩টি — (ক) করণ কারক , (খ) নিমিত্ত কারক (গ) অপাদান কারক

কারকের প্রশ্নোত্তর :

(১) সঠিক উত্তরটি নির্বাচন কর :-

১.১ তির্যক বিভক্তি হল —

(ক) শূন্য বিভক্তির অপর নাম (খ) একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি (গ) একসঙ্গে সব রকমের বিভক্তি (ঘ) একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ

১.২ দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় । নিম্নরেখ অংশটি হল — (ক) সহযোগী কর্তা (খ) ব্যতিহার কর্তা (গ) একই ক্রিয়ার বহু কর্তা (ঘ) প্রযোজক কর্তা

১.৩ খানি, খানা এগুলি হল — (ক) নির্দেশক (খ) উপসর্গ (গ) অনুসর্গ (ঘ) বিভক্তি

১.৪ তির্যক বিভক্তির উদাহরণ — (ক) দ্বারা (খ) এ (গ) তে (ঘ) থেকে

১.৫ শুধালেম জনে-জনে । নিম্নরেখ পদটি হল — (ক) কর্মের বীপ্সা (খ) কর্তার বীপ্সা (গ) করণের বিপ্সা (ঘ) উপবাক্যীয় কর্ম ।

১.৬ কী বাঁধনে বাঁধলে আমায় । উদাহরণটি হল —

(ক) হেতুময় করণ (খ) কালাত্মক করণ (গ) নিমিত্ত কারক (ঘ) যন্ত্রাত্মক করণ ।

১.৭ একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় —

(ক) উদ্দেশ্য কর্ম (খ) বিধেয় কর্ম (গ) সমধাতুজ কর্ম (ঘ) গৌণ কর্ম

১.৮ দিয়া, দ্বারা, কর্তৃক অব্যয়গুলি হল — (ক) ক্রিয়াজাত অনুসর্গ (খ) শব্দজাত অনুসর্গ (গ) উপসর্গ (ঘ) বিভক্তি

১.৯ কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় — (ক) প্রযোজ্য কর্তা (খ) উহ্য কর্তা (গ) অনুক্ত কর্তা (ঘ) প্রযোজক কর্তা ।

১.১০ বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয় — (ক) গৌণ কর্ম (খ) মুখ্য কর্ম (গ) উদ্দেশ্য কর্ম (ঘ) বিধেয় কর্ম ।

১.১১ বিভক্তি — (ক) সর্বদা শব্দের পূর্বে বসে (খ) সর্বদা শব্দের শেষে যুক্ত হয় (গ) শব্দের পরে আলাদাভাবে বসে (ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে ।

১.১২ আমার বইটা আমায় ফেরত দাও । বাক্যে অ-কারকটি হল — (ক) আমার (খ) আমায় (গ) দাও (ঘ) বইটা ।

১.১৩ হে পিতৃব্য, তব ইচ্ছি মরিবারে । নিম্নরেখ পদটি হল — (ক) ক্রিয়া পদ (খ) সম্বোধন পদ (গ) সম্বন্ধ পদ (ঘ) কর্তৃপদ

১..১৪ ওরে, আগুন লেগেছে বনে বনে ।লাইনটিতে অ-কারক হল — (ক) ওরে (খ) আগুন (গ) লেগেছে (ঘ) বনে বনে ।

১.১৫ অনুসর্গের অপর নাম হল — (ক) উপসর্গ (খ) পরসর্গ (গ) অব্যয় (ঘ) বিভক্তি ।

উঃ (১) - খ, (২) খ (৩) ক (৪) খ (৫) ক (৬) ক (৭) গ (৮) খ (৯) ক (১০) ক (১১) খ (১২) ক

(১৩) খ (১৪) ক (১৫) খ ।

(২) অতি সংক্ষিপ্ত প্রশ্ন :-

২.১ অকারক পদ বলতে কী বোঝ ?

২.২ তির্যক বিভক্তি কাকে বলে ?

২.৩ সম্বন্ধ পদ কি ? উদাহরণ দাও

২.৪ সম্বোধন পদ বাক্যের কোথায় বসে ?

২.৫ অনুসর্গ বাক্যে কীভাবে ব্যবহার হয় ?

২.৬ সমধাতুজ কাকে বলে ?

নিম্নরেখ পদগুলির কারক ও অ-কারক ও বিভক্তি নির্ণয় কর ।

২.৭ কি হে গিরিশ, আমাকে চিনতে পারো ?

২.৮ ঘুচাবো ও অপবাদ বধি রিপুকুলে ।

২.৯ সেসব বই নাকি ছাপা হয় ।

২.১০ ঘাস জন্মালো রাস্তায় ।

২.১১ আয় আরো হাতে হাত রাখি ।

২.১২ বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়

২.১৩ কালি কলম মন, লেখে তিনজন

২.১৪ কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে ।

২.১৫ হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে ।

২.১৬ তোমাদের কাছে আমি লাঞ্ছিত ।

২.১৭ প্রণমিয়া ধাত্রীর চরণে ।

২.১৮ বিধি বাম মম প্রতি ।

২.১৯ নদের চাঁদ গর্ব অনুভব করে

২.২০ জ্বলে গেল আগুনে

উঃ (২.৭) সম্বোধন পদ — অ-কারক (২.৮) কর্মকারক — শূন্য বিভক্তি (২.৯) কর্ম কারক —শূন্য বিভক্তি (২.১০) কর্তৃকারক —শূন্য বিভক্তি (২.১১) অধিকরণ —এ বিভক্তি (২.১২) করণ কারকে — য় বিভক্তি (২.১৩) কর্তৃকারক —শূন্য বিভক্তি (২.১৪) কর্তৃকারক —শূন্য বিভক্তি (২.১৫) কর্মকারক —শূন্য বিভক্তি (২.১৬) অ-কারক — সম্বন্ধ পদ (২.১৭) অ-কারক —সম্বন্ধ পদ (২.১৮) কর্তৃ কারক — শূন্য বিভক্তি (২.১৯) কর্ম কারকে —শূন্য বিভক্তি (২.২০) করণ কারকে — এ বিভক্তি ।

***

Related Items

Syllabus for Physical Science Class -Xth Standard

Syllabus for CLASS X: Physical Science

Common to Physics and Chemistry

1. Structure of Atom

Concept of atom, Dalton's atomic theory (critical study not required).

Syllabus for English Class - Xth Standard

Syllabus for English ( পাঠ্য নির্ঘন্ট ) দশম শ্রেণী - Class X

Distribution of marks : One paper — 100 marks ( Written - 90 ; Oral - 10 )

To Test Reading Skill — 40 marks (20 seen + 20 unseen)

To Test Writing Skill — 30 marks (unseen

Class X: Additional Subjects Guide

Bengali (A-level), English, Hindi (A-Level), Nepali, Urdu, Bengali (B-Level), Sanskrit, Pali, Persian, Arabic, French, Mathematics Physics, Chemistry, Biology, Mechanics, Geography, Logic, Psychology, Business Method andCorrespondence

Syllabus for Life Science Class Xth Standard

Class X Life Science Syllabus

Syllabus for Geography Class Xth Standard

Class X Geography Syllabus

1. PHYSICAL

1.1 LITHOSPHERE

1.1.1 Landforms and their classification

1.1.2 Mountains-fold, block, volcanic and relict mountains