বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

Submitted by administrator on Wed, 05/23/2012 - 08:46

বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ:-

♦ গৌর [Gour]: বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, গৌর হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । বায়ুর গতিপথে কোনও কঠিন ও নরম শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে এবং ওই শিলাস্তুপের নিচে নরম শিলা ও উপরে কঠিন শিলা থাকলে, নিচের কোমল অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হয় । এর ফলে শিলাস্তূপটির নীচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে । স্তম্ভাকৃতি এই রকম শিলাস্তূপ গৌর [Gour] নামে পরিচিত । রাজস্থানের থর মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায় ।

♦ জুগেন [Zeugen]: বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, জুগেন [Zeugen] হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । কখনো কখনো দেখা যায় যে, কোনো কোনো শিলাস্তূপের কঠিন ও কোমল শিলাস্তরগুলো ওপর-নিচে পরস্পরের সমান্তরালভাবে অবস্থান করে । প্রচন্ড সূর্যতাপে এইসব উচ্চভূমিতে ফাটল সৃষ্টি হলে ওই সব ফাটলের মধ্য দিয়ে বায়ুপ্রবাহ ক্ষয়কার্য চালাতে থাকে । ফলে কঠিন শিলাস্তরগুলো অতি অল্প ক্ষয় পেয়ে টিলার মতো দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলাস্তরগুলি বেশি ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্বা খাত বা গহ্বরের সৃষ্টি করে । এই রকম দুটো খাতের মধ্যে চ্যাপ্টা মাথা টিলার মতো যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে জুগেন [Zeugen] বলে । এর উচ্চতা সাধারণত ৩ থেকে ৩০ মিটার পর্যন্ত হয় । উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায় ।

ইয়ারদাং [Yardang]: বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, ইয়ারদাং [Yardang] হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । বায়ুপ্রবাহের দ্বারা ভূপৃষ্ঠের লম্বালম্বিভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলার অসমানভাবে ক্ষয় পায় । এর ফলে বিভিন্ন মূর্তির আকারে ভূমিরূপের সৃষ্টি হয় । এই সব বিভিন্ন মূর্তির আকারে সৃষ্ট ভূমিরূপকে ইয়ারদাং [Yardang] বলা হয় । মরুভূমিতে অনেক সময় পরস্পর স্তরে স্তরে লম্বালম্বিভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলাস্তরগুলো বায়ুপ্রবাহের দিকে আড়াআড়িভাবে অবস্থান করে । প্রচন্ড সূর্যতাপে এইসব শিলাস্তরে ফাটল ধরলে এইসব ফাটলের মধ্যে বায়ু প্রবেশ করে ক্ষয় করতে শুরু করে । এর ফলে কোমল শিলাস্তর সহজেই ক্ষয় পেলে কেবলমাত্র কঠিন শিলাস্তরগুলি বায়ুপ্রবাহের দিকে নানারকম মূর্তি গঠন করে টিলার মতো বিচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে থেকে ইয়ারদাং গঠন করে । ইয়ারদাং -এর উচ্চতা সাধারণত ৬ মিটার পর্যন্ত হয় । থর মরুভূমি অঞ্চলে বহু ইয়ারদাং ভূমিরূপ দেখা যায়।

ব্লো-আউট [Blow-Out]: অনেক সময় বাতাসের তাড়নায় বালু অন্যত্র চলে গেলে এক অবনত জায়গার সৃষ্টি হয় । একে ব্লো-আউট [Blow-Out] বলে ।

♦ ইনসেলবার্জ [Inselberg]: বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, ইনসেলবার্জ [Inselberg] হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । অনেক সময় মরুভূমির জায়গায় জায়গায় কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এই সব পর্বতগাত্রের ঢাল খুব বেশি, পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয় । গোলাকৃতি এইসব অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ [Inselberg] বলে ।

উদাহরণ: মধ্যপ্রদেশের পাঁচমারি পাহাড়ে ইনসেলবার্জ ভূমিরূপ দেখা যায়।

****

Related Items