জীবনক্রিয়ায় জৈব যৌগের ভুমিকা

Submitted by administrator on Tue, 04/16/2013 - 19:18

জীবনক্রিয়ায় জৈব যৌগের ভূমিকা [Role of Organic Compounds in Life Process]:- প্রাণী বা উদ্ভিদের দেহের বেশির ভাগ অংশ জৈব যৌগ দিয়ে গঠিত । তাই জীব জগতে জৈব যৌগের দান অতুলনীয় । জীবন ক্রিয়ার সঙ্গে জৈব যৌগ গভীর ভাবে জড়িত । জীবদেহের জীবনক্রিয়া অব্যাহত রাখার জন্য জৈব যৌগের ভূমিকা অপরিসীম । জীবজগতে প্রত্যেক জৈবিক ক্রিয়ার কারণ হল জীবদেহে জৈব যৌগের ক্রিয়া ।

[i] দেহের পুষ্টি সাধন, বৃদ্ধি ও গঠনে জৈব যৌগের ভূমিকা:- দেহের পুষ্টি, বৃদ্ধি, গঠন ও রোগ-প্রতিরোধের জন্য আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি তাদের প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় । এরা সবই জৈব যৌগ ।

(ক) কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ : চাল, গম, আলু, ভুট্টা, চিনি, গ্লুকোজ প্রভৃতি শর্করা জাতীয় পদার্থ । এসব খাদ্য দেহে রক্তের সঙ্গে মিশে পুষ্টি ও শক্তি যোগায় ।

(খ) স্নেহ জাতীয় পদার্থ : তেল, মাখন, ঘি প্রভৃতি স্নেহজাতীয় পদার্থ । এগুলি দেহে তাপ ও শক্তি যোগায় ।

(গ) আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ: মাছ, মাংস, ডিম প্রভৃতি প্রাণীজ প্রোটিন এবং মুসুর, মগ, ছোলা, সয়াবীন প্রভৃতি উদ্ভিজ্জ প্রোটিন । এই প্রোটিন আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যামাইনো অ্যাসিড উত্পন্ন করে যা আমাদের দেহ গঠনে ও ক্ষয়প্রাপ্ত কোশের পুনর্গঠনে সাহায্য করে । এছাড়া যে ভিটামিনগুলি আমরা শাকসবজির মাধ্যমে গ্রহণ করে থাকি সেগুলিও জৈব যৌগ । এই ভিটামিন আমাদের দেহের রোগ প্রতিরোধ করে দেহকে সতেজ রাখে ।

[ii] জীবদেহের রাসায়নিক পরিবর্তনে জৈব যৌগের ভূমিকা: জীবদেহে যে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটে তাতে উৎসেচক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই উৎসেচকগুলি জৈব যৌগ । এরা অনুঘটকের কাজ করে ।

[iii] হিমোগ্লোবিন একটি জৈব যৌগ : হিমোগ্লোবিন একটি প্রোটিন জাতীয় জৈব পদার্থ । যা মেরুদন্ডী প্রাণীদেহে অক্সিজেন বহন করে ।

[iv] প্রাণীর গমন ও পেশী সঞ্চালনে জৈব যৌগের ভূমিকা : প্রাণীর গমন এবং দেহের পেশী সঞ্চালন করার জন্য প্রয়োজনীয় শক্তি, স্থিতিশক্তি হিসাবে দেহের মধ্যে অ্যাডিনোসিন ট্রাই-ফসফেট (ATP) নামক জৈব যৌগের মধ্যে জমা থাকে ।

[v] প্রাণীর জীবনধারা ও বংশবৃদ্ধিতে জৈব যৌগের ভূমিকা : প্রাণীর জীবনধারা বা বংশবৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (DNA) এবং রাইবো নিউক্লিক অ্যাসিড (RNA) সাহায্য করে । এগুলি সব জটিল জৈব যৌগ ।

[vi] হরমোন একটি জৈব পদার্থ : প্রাণীর বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন [Hormone] একরকম জৈব পদার্থ, যা দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় ।

[vii] রোগ নিরাময়ে জৈব যৌগের ভূমিকা : নানারকম জৈব যৌগ রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় । যেমন ; ম্যালেরিয়ায় কুইনাইন, নিউমোনিয়ায় পেনিসিলিন, যক্ষ্মায় স্ট্রেপটোমাইসিন, টাইফয়েডে ক্লোরোমাইসিটিন ইত্যাদি ব্যবহার করা হয় । ক্লোরোফর্ম, ইথার প্রভৃতি চেতনানাশক পদার্থ অস্ত্রোপচারকে যন্ত্রণাশূন্য করেছে ।

[viii] মানুষের স্বাচ্ছন্দ্য বিধানে ব্যবহৃত নানান জৈব যৌগ : মানুষের স্বাচ্ছন্দ্য বিধানে সাবান, বিভিন্ন অঙ্গরাগ ও রঞ্জক পদার্থ, কৃত্রিম সিল্ক, নাইলন, টেরিলিন, প্রভৃতির আবিষ্কার জৈব রসায়নের অবদান । এছাড়া পেট্রল, কেরোসিন, ডিজেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জৈব যৌগ জ্বালানী হিসেবে সভ্যতায় যুগান্তর সৃষ্টি করছে ।

***

Related Items

জৈব এবং অজৈব যৌগের মধ্যে তুলনা

প্রত্যেক জৈব যৌগের অণুতে কার্বন থাকবেই কিন্তু অজৈব যৌগের অণুতে কার্বন থাকতে পারে আবার নাও থাকতে পারে । জৈব যৌগগুলি সমযোজ্যতা দ্বারা গঠিত কিন্তু অজৈব যৌগগুলি সাধারণত তড়িৎযোজী বন্ধনের দ্বারা আবদ্ধ । জৈব যৌগের বিক্রিয়া মন্থর হয় কিন্তু অজৈব যৌগের বিক্রিয়া দ্রুত হয় । সাধারণত জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম কিন্তু অজৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি । জৈব যৌগগুলি দাহ্য প্রকৃতির হয় কিন্তু অজৈব যৌগগুলি সাধারণত দাহ্য নয় ।

জৈব যৌগ ও জৈব রসায়ন

বিজ্ঞানী ল্যাভয়সিয়েঁ অনেকগুলি জৈব যৌগের বিশ্লেষণ করে দেখান যে, সব জৈব যৌগের মধ্যে কার্বন আছে । 1815 খ্রিস্টাব্দে বার্জেলিয়াস প্রাণ শক্তি তত্ত্বের [vital force theory] দ্বারা জৈব এবং অজৈব যৌগগুলি পার্থক্য করেন এবং তিনি বলেন জৈব যৌগগুলির উত্পন্নের জন্য উদ্ভিদ কিংবা প্রাণীদেহে উপস্থিত প্রাণশক্তির প্রয়োজন । তাঁর মতে, এই শক্তি মানুষের করায়ত্ত নয়, তাই পরীক্ষাগারে অজৈব যৌগ থেকে জৈব যৌগগুলি প্রস্তুত করা সম্ভব নয় । তারপর এই প্রচলিত ধারণা ভেঙ্গে দিয়ে 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার [Fredrich Whohler] সর্বপ্রথম অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট [NH4CNO] -কে উত্তপ্ত করে জৈব যৌগ ইউরিয়া [CO(NH2)2] প্রস্তুত করে দেখান যে, পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা যায় । এই আবিষ্কারটি জৈব রসায়নে নবযুগের সূচনা করে ।