লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা

Submitted by administrator on Tue, 01/15/2013 - 10:40

কয়েকটি সংজ্ঞা [Some Definitions]:-

[i] বক্রতা কেন্দ্র [Centre of curvature]:- লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে ।ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে ।

[ii] বক্রতা ব্যাসার্ধ [Radius of of curvature]:- লেন্সের কোনো তল যে গোলকের অংশ হবে ওই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে ।

[iii] প্রধান অক্ষ [Principal axis]:- যদি লেন্সের দুই তল গোলীয় হয় তবে ওই তলদুটির বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে ।

[iv] পাতলা লেন্স [Thin lens]:- লেন্সের বেধ যদি ওর পৃষ্ঠতল দুটির বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব ছোটো হয়, তাহলে ওই লেন্সকে পাতলা লেন্স বলে ।

[v] উন্মেষ [Aperture]:- লেন্সের ব্যাসকে লেন্সটির উন্মেষ বলে ।

[vi] আলোককেন্দ্র [Optical Centre]:- যদি কোনো আলোক-রশ্মি লেন্সের কোনো তলে এরূপভাবে আপতিত হয় যে, লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ায় সময় এটি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে প্রতিসৃত রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে । পাতলা লেন্সের ক্ষেত্রে আলোককেন্দ্র দিয়ে কোনো আলোক-রশ্মি গেলে, রশ্মির কোনো চ্যুতি বা পার্শ্ব-সরণ হয় না— আপতিত রশ্মি সোজাপাথে লেন্স থেকে নির্গত হয়ে যায় ।

প্রমাণ করা যায় যে— অবতলোত্তল এবং উত্তলাবতল লেন্সে আলোককেন্দ্র অপেক্ষাকৃত কম বক্রতা ব্যাসার্ধের তলের দিকে লেন্সের বাইরে প্রধান অক্ষের উপর অবস্থান করে ।

[vii] মুখ্য ফোকাস ও ফোকাস দুরত্ব [Principal focus and focal length]:- যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে লেন্সের ওপর পড়ে, তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়; কিংবা অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় । সেই বিন্দুটিকে লেন্সের মুখ্য ফোকাস বলে । লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস(ƒ) দূরত্ব বলা হয় ।

◘ লেন্সের দুটি মুখ্য ফোকাস আছে । ওই দুটি ফোকাস আলোক কেন্দ্রের বিপরীত দিকে এবং লেন্সের উভয় দিকের মাধ্যম একই রকম হলে, আলোক কেন্দ্র থেকে প্রথম এবং দ্বিতীয় ফোকাস সমান দূরত্বে থাকে ।

[viii] ফোকাস তল [Focal plane]:- মুখ্য ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে লেন্সের ফোকাস তল বলে ।

[ix] গৌণ ফোকাস [Secondary focus]:- যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে লেন্সে আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ফোকাস তলে মিলিত হয়, কিংবা অবতল লেন্সের ফোকাস তলের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় । এই বিন্দুকে লেন্সের গৌণ ফোকাস বলে ।

***

Tags

Related Items

লেন্সের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারের লেন্স

লেন্স [Lens]:- দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় [spherical] বা একটি গোলীয় এবং অপরটি সমতল হতে পারে ।

ছোটো প্রশ্ন ও উত্তর : [আলো : লেন্স ও বিচ্ছুরণ]

প্রশ্ন:- সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী ?

উত্তর:- সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি হল লাল ও বেগুনি ।

প্রশ্ন:- শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?

দ্বিতীয় অধ্যায় : আলো : লেন্স ও বিচ্ছুরণ

দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রাতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় [spherical] বা একটি গোলীয় এবং অপরটি সমতল হাতে পারে । লেন্স দুই প্রকারের আছে