Submitted by administrator on Tue, 03/12/2013 - 12:30

☼ সালফিউরিক অ্যাসিড [Sulphuric Acid]:- মধ্যযুগের অ্যালকেমিস্টরা হিরাকস্ বা ফেরাস সালফেটের সঙ্গে ফটকিরি মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন । ফেরাস সালফেট ভিট্রিয়ল নামে পরিচিত । তাই ফেরাস সালফেট থেকে এই অ্যাসিড পাওয়া যায় বলে, সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল (Oil of vitriol) বলা হয় । অজৈব অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড [H2SO4] -এর ব্যবহার সবচেয়ে বেশি । সে জন্য সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা [King of Chemicals] বলা হয়ে থাকে ।

সালফিউরিক অ্যাসিডর আণবিক ভর— 98 এবং আণবিক সংকেত —H2SO4 ।

[ক] স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি [Contact process for the manufacture of sulphuric acid]:-

[১] নীতি [Principle]:-

[i] আয়রন পাইরাইটিস (FeS2) অথবা নিঃশেষিত আয়রন অক্সাইড (Fe2S3) কিংবা সালফারকে অতিরিক্ত বায়ুর সঙ্গে পোড়ালে সালফার ডাইঅক্সাইড [SO2] গ্যাস উত্পন্ন হয় ।

4FeS2 + 11O2 = 2Fe2O3 + 8SO2 ↑ S + O2 = SO2

[ii] উত্পন্ন সালফার ডাইঅক্সাইড [SO2] কে বায়ুর সঙ্গে মিশিয়ে 450°C উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম অ্যাসবেসটস অথবা ভ্যানডিয়াম পেন্টক্সাইডের (অনুঘটক) ওপর দিয়ে চালনা করলে সালফার ডাইঅক্সাইড বায়ুর O2 দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড [SO3] উত্পন্ন করে । বিক্রিয়াটি উভমুখী এবং সম্মুখ বিক্রিয়াটি তাপ উত্পাদক । এই বিক্রিয়ায় প্ল্যাটিনাম অ্যাসবেসটস অথবা ভ্যানডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের কাজ করে । বর্তমানে V2O5 অনুঘটক রূপে বেশি ব্যবহৃত হয় কারণ এর দাম কম এবং সহজে আর্সেনিক ইত্যাদি অশুদ্ধি দ্বারা নষ্ট হয় না । V2O5 বা, Pt (অনুঘটক)

[tex]2S{O_2} + {O_2} \rightleftharpoons 2S{O_3} + heat(45000calorie)[/tex]

[iii] এভাবে উত্পন্ন সালফার ট্রাইঅক্সাইড 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত হলে ওলিয়াম বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড উত্পন্ন হয় ।

SO3 + H2SO4 = H2S2O7 (ওলিয়াম)

[iv] ওলিয়ামের সঙ্গে পরিমাণমত জল মেশালে সালফিউরিক অ্যাসিড দ্রবণ উত্পন্ন হয় ।

H2S2O7 + H2O = 2H2SO4

[২] পদ্ধতি: সালফার-ডাইঅক্সাইড উত্পাদন :- সালফার চুল্লিতে অতিরিক্ত বাতাসের সঙ্গে সালফার বা আয়রন পাইরাইটিসকে (FeS2) পুড়িয়ে সালফার-ডাইঅক্সাইড [SO2] উত্পন্ন করা হয় । SO2 এবং বায়ুর মিশ্রণে সাধারণত হাইড্রোজেন সালফাইড, আর্সেনিক অক্সাইড, ধুলোকণা ইত্যাদি অশুদ্ধি মিশ্রিত থাকে এবং এই অবস্থায় এই গ্যাস মিশ্রণটিকে বিক্রিয়া প্রকোষ্ঠে অনুঘটকের ওপর দিয়ে চালনা করলে মূল্যবান অনুঘটক নষ্ট হয়ে যায় । সেজন্য বিক্রিয়া প্রকোষ্ঠে পাঠাবার আগে গ্যাস মিশ্রণটি যাতে বিশুদ্ধ হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হয় ।

[খ] গ্যাস মিশ্রণের বিশুদ্ধিকরণ:-

[i] বায়ু ও SO2 -এর মিশ্রণকে প্রথমে ধুলো প্রকোষ্ঠের মধ্যে চালনা করে ধুলো মুক্ত করা হয় ।

[ii] এর পর গ্যাস মিশ্রণটিকে একটি কোয়ার্টজপূর্ণ স্তম্ভের নীচ থেকে জলের ধারা ফেলা হয় । এর ফলে গ্যাস মিশ্রণটি সম্পূর্ণ ধুলোমুক্ত হয় এবং মিশ্রিত হাইড্রোজেন সালফাইড, আর্সেনিক অক্সাইড প্রভৃতি গ্যাসগুলি জল দ্বারা শোষিত হয় ।

[iii] এর পর গ্যাস মিশ্রণটিকে আর একটি কোয়ার্টজপূর্ণ স্তম্ভের নীচ থেকে ওপরের দিকে চালনা করা হয় এবং ওপর থেকে নীচের দিকে গাঢ় H2SO4 -এর ধারা ফেলা হয় । এর ফলে গ্যাস মিশ্রণটি সম্পূর্ণ বিশুদ্ধ ও শুষ্ক হয় ।

[iv] এরপর গ্যাস মিশ্রণটি বিশুদ্ধ হয়েছে কি না পরীক্ষা করা হয় । বিশুদ্ধ গ্যাস, আলোক রশ্মির মধ্যেও স্বচ্ছ হয় । গ্যাস মিশ্রণটিকে টিন্ডাল বক্সের মধ্য দিয়ে চালনা করা হয় এবং ভিতর থেকে তীব্র আলোক রশ্মি ফেলা হয় । এই অবস্থায় মিশ্রণটি স্বচ্ছ দেখালে গ্যাস মিশ্রণটি যে বিশুদ্ধ হয়েছে তা বোঝা যায় ।

[গ] SO2 -এর জারণ :- এই শুষ্ক ও বিশুদ্ধ গ্যাস মিশ্রণটিকে বিক্রিয়া প্রকোষ্ঠে পাঠানো হয় । গ্যাস মিশ্রণটিকে 450°C উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম অ্যাসবেস্টসের ওপর দিয়ে চালনা করা হয় । এখানে SO2, বায়ুর O2 দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড [SO3] উত্পন্ন করে । যে প্রকোষ্ঠে এই বিক্রিয়াটি ঘটে তাকে বিক্রিয়া প্রকোষ্ঠ বলে ।

[i] ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড [H2S2O7] উত্পাদন:- উত্পন্ন SO3 -কে ঠান্ডা করে আর একটি কোয়ার্টজপূর্ণ স্তম্ভের মধ্যে চালনা করা হয় । এখানে ওপর থেকে গাঢ় H2SO4 -এর ধারা ফেলা হয় । এই স্তম্ভের মধ্যে সালফার ট্রাইঅক্সাইড, গাঢ় H2SO4 দ্বারা শোষিত হয়ে ওলিয়াম উত্পন্ন করে ।

[ii] বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড উত্পাদন:- ওলিয়ামকে স্তম্ভের নীচ থেকে সংগ্রহ করে ওর সঙ্গে পরিমাণ মত জল মিশিয়ে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড [H2SO4] উত্পন্ন করা হয় ।

***

Related Items

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

HCl, HNO3 এবং H2SO4 -এর শনাক্ত করার উপায় ও গঠন সংকেত ।

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

সালফিউরিক অ্যাসিডকে জারক, বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয় । অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড যেমন HCl, HNO3, অ্যালাম তৈরি করতে, স্টোরেজ ব্যাটারিতে, বিস্ফোরক দ্রব্য ( ট্রাইনাইট্রো গ্লিসারিন -T.N.G, ট্রাইনাট্রোটলুইন -T.N.T ), গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে, ধাতু নিষ্কাশনে, সিন্থেটিক পেন্টস, রঞ্জক পদার্থ ও ওষুধ প্রস্তুতিতে এবং চামড়া ট্যান করা শিল্প ইত্যাদিতে H2SO4 ব্যবহৃত হয় ।

সালফিউরিক অ্যাসিডের ধর্ম

বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বর্ণহীন, গন্ধহীন, তেলের মতো ভারী তরল পদার্থ, একে অয়েল অফ ভিট্রিয়ল বলে । সালফিউরিক অ্যাসিডের স্বাদ অম্ল ও আপেক্ষিক গুরুত্ব 1.84 । সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338°C ও হিমাঙ্ক 10.4°C । জলের সঙ্গে যেকোনো অনুপাতে মেশে ।

ছোট প্রশ্ন ও উত্তর:হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড

প্রশ্ন:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী ?

উত্তর:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে ।

পঞ্চম অধ্যায় : হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড

হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড [Hydrogen Chloride (and Hydrochloric acid), Nitric acid and Sulphuric acid]:-

► হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড [Hydrogen Chloride and Hydrochloric acid]