প্রশ্ন:- (১৯) ভারতসভা কে প্রতিষ্ঠা করেন ? এই সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:- ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬ শে জুলাই কলকাতার এলবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘ভারত সভা’ (Indian Association) প্রতিষ্ঠা করেন ।
‘ভারতসভা’প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল:-
১) ভারতের বিভিন্ন অঞ্চলে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সর্বভারতীয় গণআন্দোলন গড়ে তোলা ।
২) হিন্দু-মুসলমান ঐক্য স্থাপন।
৩) বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষের প্রচেষ্টা করা ।
৪) ব্রিটিশ সরকারের শোষণ নীতি এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, আমদানি ও শুল্ক আইন প্রভৃতি পক্ষপাতমূলক আইনের প্রতিবাদ করা।
প্রশ্ন:- (২০) ইলবার্ট বিল আন্দোলনে ভারতসভা কী ভূমিকা পালন করেছিল ?
১) ১৮৮৩-৮৪ খ্রিস্টাব্দে ভারতসভার পরিচালনায় ইলবার্ট বিল আন্দোলন শুরু হয়।
২) ভারতীয় বিচারব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করার জন্য ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপনের পরামর্শ অনুসারে ভাইসরয় কাউন্সিলের আইন-সদস্য ইলবার্ট একটি আইনের খসড়া প্রস্তুত করেন। এই খসড়া আইনে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমতুল্য মর্যাদা ও ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়। ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা প্রতিরক্ষাসভা (Defense Association) নামে একটি সংস্থা গঠন করে। ভারতের বিভিন্ন স্থানে তারা শাখা স্থাপন করে এবং ভারতীয়দের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে। এব্যাপারে তাদের বক্তব্য ছিল এই যে, ইউরোপীয়দের বিচার করার যোগ্যতা ও ক্ষমতা ভারতীয়দের নেই।
৩) ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়দের আন্দোলন ও বিক্ষোভের প্রত্যুত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা প্রতি-আন্দোলন গড়ে তোলে। ইলবার্ট বিলের সমর্থনে ভারতসভা দেশের নানা স্থানে জনসভা করে এবং সংবাদপত্রে মতামত জানাতে থাকে। কিন্তু সরকার শেষ পর্যন্ত ইউরোপীয়দের দাবির কাছে মাথা নত করে । প্রস্তাবিত আইনের খসড়াটি বাতিল করা হল না বটে, কিন্তু তার কয়েকটি উদারনৈতিক ধারার সংশোধন করা হয়। এতে ইলবার্ট বিলের আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। ভারতসভার উদ্যোগে ইলবার্ট বিল আন্দোলনকে উপলক্ষ করে ভারতীয় জাতীয়তাবাদ তীব্র হয় ।
প্রশ্ন:- (২১) আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ? শিক্ষাবিস্তাররের ক্ষেত্রে এই আন্দোলনের অবদান কী রূপ ছিল ? রাজনীতির ক্ষেত্রে এই আন্দোলনের ফলাফল আলোচনা করো ।
উত্তর:- আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খাঁ ।
শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের প্রভাব:-
পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে যুক্তিবাদী আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য স্যার সৈয়দ আহমদ উত্তরপ্রদেশের আলিগড়ে যে আন্দোলনের সূচনা করেন তা আলিগড় আন্দোলন নামে খ্যাত।
স্যার সৈয়দ আহমদ ইংরেজি ভাষার মাধমে পাশ্চাত্য শিক্ষাকে প্রগতির যথার্থ সোপান বলে মনে করতেন, তাই তিনি মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতির প্রসারে উদ্যোগী হন।
১) ১৮৬৪ খ্রিস্টাব্দে তিনি গাজিপুরে একটি ইংরেজি স্কুলের প্রতিষ্ঠা করেন।
২) ইংরেজি ভাষায় লেখা মূল্যবান কিছু কিছু বই উর্দু ভাষায় অনুবাদ করে তা মুসলমানদের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যে তিনি বিজ্ঞান সমিতি (Scientific society) নামে একটি সংস্থার প্রতিষ্ঠা কিরেন।
৩) তিনি মুসলমানদের মন থেকে পাশ্চাত্যের ভয়ভীতি দূর করার জন্য ‘তাহজিব-উল-আখলার্ক’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। সেই সঙ্গে কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লারনিং নামে একটি সংস্থারও তিনি প্রতিষ্ঠা করেন।
৪) অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুকরণে আলিগড়ে তিনি মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ-এর প্রতিষ্ঠা করেন। ইংরেজ শিক্ষাবিদগণ তত্ত্বাবধানে এই কলেজে কলা ও বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা হয়। মুসলমান ছাত্রদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও প্রগতিমূলক মনোভাবের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে এই কলেজের অবদান অস্বীকার করা যায় না।
৫) আলিগড় আন্দোলন মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের আধুনিক যুগোপযোগী ভাবধারায় দীক্ষিত করেছিল।
৬) এই আন্দোলন ভারতীয় মুসলমানদের মধ্যে যুক্তি বাদের প্রসার ঘটিয়ে তাদের ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি পরিত্যাগেও সাহায্য করেছিল।
৭) এই আন্দোলন মুসলিম সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধি, পর্দা প্রথার অপসারণ ও নারী শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।
♦কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে যে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলা ও পাঞ্জাবের মুসলমানগণ আলিগড়ের শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল । শুধুমাত্র উত্তরপ্রদেশের উচ্চবিত্ত সমাজের মুসলমানরাই আলিগড় কলেজে শিক্ষার সুযোগ পায়।
রাজনৈতিক ক্ষেত্রে আলিগড় আন্দোলনের ফলাফল:-
১) আলিগড় আন্দোলন মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে ।
২) আলিগড় অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ ও ঘোর সাম্রাজ্যবাদী থিওডোর বেক -এর প্রভাবে আলিগড় আন্দোলনের নেতা সৈয়দ আহম্মদ ইংরেজ শাসনের প্রতি আনুগত্য এবং জাতীয় কংগ্রেসের বিরোধিতার নীতি গ্রহণ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনপ্রিয়তা রুখতে কংগ্রেসের বিরুদ্ধে তিনি ‘এডুকেশানাল কংগ্রেস’, ‘ইউনাইটেড পেট্রিয়াটিক অ্যাসোসিয়েশন’ ও 'মহামেডান অ্যাসোসিয়েশন’ নামে তিনি কংগ্রেসের তিনটি প্রতিদ্বন্দ্বী সংস্থা গঠন করেন।
৩) আলিগড় আন্দোলনের মধ্য দিয়েই ইংরেজ শাসকগোষ্ঠী কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার অপূর্ব সুযোগ পায় এবং সাম্প্রদায়িক বিভেদ নীতিতে তোষণ করতে শুরু করে- বঙ্গভঙ্গ ছিল ইংরেজ সরকারের সাম্প্রদায়িক বিভেদ নীতির প্রথম দৃষ্টান্ত।
৪) সর্বোপরি আলিগড় আন্দোলনের কার্যকলাপ পরাধীন ভারতের রাজনীতিতে দ্বিজাতি তত্ত্ব ও বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয়।
♦এইসব দোষত্রুটি সত্ত্বেও ভারতীয় মুসলমান সমাজের নবজাগরণে স্যার সৈয়দ আহমদ তথা আলিগড় আন্দোলনের অবদান অস্বীকার করা যায় না । তাই আলিগড় আন্দোলনের অবদান প্রসঙ্গে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার সঠিক মন্তব্য করে বলেছেন যে, ‘উনবিংশ শতাব্দীর নবজাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল, আলিগড় আন্দোলনেও ছিল মুসলিমদের কাছে ঠিক তাই’।
প্রশ্ন:- (২৩) ‘সেফটি ভালভ তত্ত্ব’কী ? এই তত্ত্ব কী মেনে নেওয়া যায় ?
উত্তর:- অনেকে অ্যালান অক্টাভিয়ান হিউম নামে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারীকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রকৃত উদ্যোক্তা বলে মনে করেন । জাতীয় কংগ্রেস গঠনের উদ্দেশ্য সম্পর্কে হিউম বলেছিলেন, ‘সেই সময় ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ষড়যন্ত্র চলছিল। অবিলম্বে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হত, তাহলে ভারতে হিংসাত্মক বিপ্লব ছিল অনিবার্য’। ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক সেফটি ভালভ (Safety Valve) হিসাবে তিনি জাতীয় কংগ্রেস গঠন করার পরিকল্পনা করেন, একেই ‘সেফটি ভালভ তত্ত্ব’ বলা হয় । তিনি মনে করেছিলেন যে, একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে হিংসাত্মক অভ্যুত্থান নিবারণ করা সম্ভব হবে ।
হিউমের ‘সেফটি ভালভ তত্ত্ব’–ই যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মূল কারণ তা বলা যায় না । জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মূলে ছিল স্বদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য রাজনৈতিক চেতনাসম্পন্ন ভারতীয় নেতাদের প্রবল আকাঙ্খা । যে সব ভারতীয় নেতা হিউমের সঙ্গে সহযোগিতা করেছিলেন- তাঁরা ছিলেন উন্নত চরিত্রের দেশপ্রেমিক এবং তাঁদের উদ্যোগেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়ে ছিল ।
****
- 3594 views