☼ সোডিয়াম কার্বনেট [Na2CO3] বা কাপড় কাচা সোডা [Washing soda]:-
• প্রকৃতি:-
[i] সোডিয়াম কার্বনেট -এর রাসায়নিক সংকেত Na2CO3,10H2O এবং গলাঙ্ক হল 786°C ।
[ii] সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ ও অজৈব যৌগ ।
[iii] সোডিয়াম কার্বনেট, কঠিন, গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ ।
[iv] সোডিয়াম কার্বনেটের প্রতি অণুতে 10 অণু কেলাস জল যুক্ত থাকে, (Na2CO3, 10H2O) ।
[v] সোডিয়াম কার্বনেট কেলাস উদ্ত্যাগী পদার্থ— খোলা বাতাসে রাখলে এর 9 অণু কেলাস জল ছেড়ে দেয়, অবশিষ্ট এক অণু কেলাস জল পড়ে থাকে । তখন কেলাস গঠন ভেঙ্গে গুঁড়োয় পরিণত হয় (Na2CO3, H2O), একেই কাপড় কাচা সোডা বলে ।
[vi] সোডিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে অনার্দ্র সোডিয়াম কার্বনেটে (Na2CO3) পরিণত হয় । অনার্দ্র এই লবণকে সোডা-ভস্ম [Soda-ash] বলে ।
[vii] অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়, Na2CO3 + 2HCl = 2NaCl + CO2 + H2O । এই ধর্মের জন্য Na2CO3 অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় ।
• ব্যবহার:-
[i] জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকে সোডিয়াম কার্বনেটের ব্যবহার চলে আসছে ।
[ii] কস্টিক সোডা, কাচ, সাবান প্রভৃতি প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয় ।
[iii] বস্ত্র এবং কাগজ শিল্পে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয় ।
[iv] জলের খরতা দূরীকরণে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয় ।
[v] পরীক্ষাগারে বিকারক হিসাবে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয় ।
[vi] বেকিং পাউডার প্রস্তুতিতে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয় । বেকিং পাউডার হল সোডিয়াম বাই-কার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন-টার্টারেটের মিশ্রণ ।
☼ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ [Common salt, NaCl]:-
প্রতিদিন খাবারের সঙ্গে যে লবণ আমরা খেয়ে থাকি তাকেই খাদ্য লবণ বলে ।
• প্রকৃতি:-
[i] সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হল NaCl ।
[ii] সোডিয়াম ক্লোরাইড [NaCl] -এর গলনাঙ্ক 807°C এবং স্ফুটনাঙ্ক 1465°C ।
[iii] সোডিয়াম ক্লোরাইড একটি অজৈব নর্মাল লবণ ।
[iv] সাধারণ উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড কঠিন, সাদা এবং কেলাসিত পদার্থ ।
[v] খাদ্য লবণ গন্ধহীন এবং অনুদ্বায়ী পদার্থ ।
[vi] NaCl জলে দ্রাব্য । এর জলীয় দ্রবণে অ্যাসিড বা ক্ষারের কোনো ধর্ম প্রকাশ পায় না ।
[vii] সোডিয়াম ক্লোরাইড -এর কেলাসের আকার ছয়তল বিশিষ্ট ঘনকের মতো ।
[viii] সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ ।
• ব্যবহার:-
[i] এই লবণ আমাদের খাদ্যের একটি প্রয়োজনীয় উপাদান । এই ক্ষেত্রে এই লবণ আয়োডিনযুক্ত হওয়া দরকার, না হলে থাইরয়েড-হরমোনজনিত রোগের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে ।
[ii] কলেরা রোগীর দেহে জলের ভাগ অনেক কমে যায় বলে লবণ-জলের ইনজেকশন দিতে হয় ।
[iii] সোডিয়াম ক্লোরাইড জীবাণুনাশক এবং পচননিবারক, সেজন্য মাছ, মাংস প্রভৃতিতে লবণ মাখিয়ে অনেকদিন পর্যন্ত অবিকৃত রাখা যায় ।
[iv] হিম মিশ্রণ প্রস্তুতিতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়, বরফের সঙ্গে লবণ মেশালে উষ্ণতা (-20°C) -এ নেমে আসে ।
[v] চিনা মাটির বাসন পালিশ করতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় ।
[vi] ধাতব সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিন, সোডিয়াম সালফেট প্রভৃতি রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় ।
◘ টেবিল সল্ট [Table Salt] :- খাদ্যলবণের গাঢ় জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস চালনা করলে বিশুদ্ধ NaCl কেলাসিত হয়ে দ্রবণ থেকে আলাদা হয়ে যায়, একে টেবিল সল্ট বলে ।
◘ সৈন্ধব লবণ [Rock Salt] ঈষৎ লাল হয়, কারণ— খনিজ সৈন্ধব লবণ রূপে কঠিন অবস্থায় খাদ্যলবণ পাওয়া যায় । সৈন্ধব লবণে সামান্য পরিমাণে আয়রণ অক্সাইড অশুদ্ধি হিসাবে থাকায় সৈন্ধব লবণকে ঈষৎ লাল দেখায় ।
◘ বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায়, কারণ— খাদ্য লবণে অশুদ্ধি হিসাবে MgCl2, CaCl2 ইত্যাদি থাকে । বিশুদ্ধ NaCl উদ্গ্রাহী নয় । কিন্তু MgCl2 এবং CaCl2 উভয়েই উদ্গ্রাহী পদার্থ— এরা বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে । বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে বলে সাধারণ খাদ্য লবণ ভিজে যায় ।
***
- 3131 views